শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নাজমুল হাসান (২০) নামের এক বখাটে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ দণ্ড দেন।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা পরিষদের আবাসিক কলোনির বাসিন্দা ও দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উপজেলার সাতপোয়া মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নাজমুল হাসান প্রায়ই উত্ত্যক্ত করত। গতকালও সকাল নয়টায় মেয়েটি বিদ্যালয়ে যাওয়ার পথে নাজমুল তার পথ রোধ করে। একপর্যায়ে মেয়েটিকে সে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ছেলেটি জোর করে মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এসে নাজমুলকে আটক করে পুলিশে দেয়।