শিক্ষার্থীকে পেটালেন কমিটির সভাপতি
এত দিন বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া যেত। এবার ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা ঘটেছে নীলফামারীর জলঢাকা উপজেলায়। উপজেলার মীরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোস্তাক হাসনাতকে বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ওই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে জলঢাকা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওই ছাত্রের বাবা আসাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতার জের ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সকালে শ্রেণিকক্ষে গিয়ে বিদ্যালয়ের পোশাক পরে না যাওয়ার অপরাধে বাঁশের বেত দিয়ে মোস্তাক হাসনাতকে পেটান। এতে সে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে বাড়িতে দিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো সেখানে সে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ সরকার বলেন, ঘটনার ১২ ঘণ্টা পর ব্যথা ও জ্বর নিয়ে মোস্তাক হাসনাত হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলা নববর্ষ পালনের প্রস্তুতি হিসেবে ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। এ সময় বিদ্যালয়ের পোশাক পরে না আসায় সভাপতি দশম শ্রেণির ছয়-সাতজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দাবি করেন, ‘বিদ্যালয়ের পোশাক পরে না আসায় ওই শ্রেণির ছয়-সাতজন ছাত্রকে আদর করে মেরেছি। এটাকে কোনো মার বলা যাবে না। তাদের সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ উজজামান সরকার বলেন, ‘শিক্ষকেরা যখন শিক্ষার্থীকে বেত মারতে পারেন না, সেখানে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মারবেন কেন? আমি বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। আমার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’