শিক্ষার্থীকে পেটালেন শ্রমিকেরা, সড়ক অবরোধ
বাসভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন পরিবহনশ্রমিকেরা। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আহত রায়হানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হানের সহপাঠী অমিত হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা ছয় বন্ধু মিলে পাবনা থেকে রাজশাহী আসছিলেন। পাবনার দাশুরিয়া থেকে রিচি পরিবহনের বাসে ওঠেন তাঁরা। তাঁদের ছয়জনের ভাড়া হয় ৪৮০ টাকা। কিন্তু বাসে সিট দেওয়ার কথা বলে একটি সিট না দেওয়ায় তাঁরা ৪২০ টাকা দেন। এ নিয়ে বাসের সহকারী তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার গেটে এলে তাঁরা নামতে চান। কিন্তু তাঁদের নামতে না দিয়ে বাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। বাসটি নগরের তালাইমারী মোড়ে গেলে কিছু যাত্রীর সঙ্গে তাঁরা চারজন জোর করে নেমে যান। কিন্তু বাকি দুজনকে নিয়ে বাসটি ভদ্রা বাসস্ট্যান্ডে চলে যায়। অমিত হাসান আরও বলেন, ভদ্রায় বাস থেকে নেমে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানকে ধরে বাসস্ট্যান্ডের ২০-২৫ শ্রমিক পিটুনি দেন। পরে রক্তাক্ত অবস্থায় রায়হানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মারধরের খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এরপর প্রক্টর এসে দোষীদের শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।