শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১
গাজীপুর শহরের একটি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে গত ২২ নভেম্বর চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
বিদ্যালয়টির আবাসিক শিক্ষার্থী ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্র জানায়, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার এক প্রবাসীর ছেলেকে গত বছর তাঁর আত্মীয়ের মাধ্যমে গাজীপুর শহীদ ক্যাডেট একাডেমিতে ভর্তি করা হয়। ভর্তির পরে তাকে বিদ্যালয়ের আবাসিক ভবনে রাখা হয়। ২২ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে আবাসিকের এক শিক্ষক শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে ভবনে থাকা দশম শ্রেণির শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত শিক্ষককে পিটুনি দেয়। পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে ঘটনাটি কাউকে না বলার জন্য নানা ভয়ভীতি দেখায়। গত শনিবার ভুক্তভোগী শিশু কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে মাকে ঘটনাটি জানায় সে। গত সোমবার তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটির শিশু ওয়ার্ডে সে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণয় ভূষণ বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, মামলা দায়েরের পর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।