শিক্ষার্থীকে বাসশ্রমিকদের মারধর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে পরিবহন শ্রমিকেরা। রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

আহত শিক্ষার্থীর নাম রায়হানুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমিত হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা ছয় বন্ধু মিলে পাবনা থেকে রাজশাহী আসছিলেন। পাবনার দাশুরিয়া থেকে রিকি পরিবহনের বাসে ওঠেন তাঁরা। তাঁদের ছয়জনের ভাড়া হয় ৪৮০ টাকা। কিন্তু বাসে সিট দেওয়ার কথা বলে সিট না দেওয়ায় তাঁরা ৪২০ টাকা দেন। এ নিয়ে বাসের ভাড়া আদায়কারী তাদের সঙ্গে খারাপ আচরণ করে। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার গেটে আসলে তাঁরা বাস থেকে নামতে চান। কিন্তু তাঁদের নামতে না দিয়ে বাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। বাসটি রাজশাহী নগরের তালাইমারী মোড়ে গেলে কিছু যাত্রীর সঙ্গে তাঁরা চারজন জোর করে নামতে সক্ষম হন। বাকি দুজনকে নিয়ে বাসটি ভদ্রা বাস স্ট্যান্ডে চলে যায়।
অমিত হাসান আরও বলেন, ভদ্রায় বাস থেকে নেমে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রায়হানকে ধরে বাস স্ট্যান্ডের ২০-২৫ শ্রমিক মিলে গণধোলাইয়ের মতো মারতে থাকে। আমরা তালাইমারি থেকে অটোরিকশা নিয়ে তালাইমারী গিয়ে রক্তাক্ত অবস্থায় রায়হানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।
এদিকে এই মারধরের খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। রাত ১১টায় শুরু হওয়া অবরোধ রাত সাড়ে ১২টা পর্যন্ত চলছিল।
এ ঘটনায় তাৎক্ষণিক বাস শ্রমিকদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাঁকে অবরোধস্থলেও পাওয়া যায়নি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’