শিক্ষার্থীকে মারধর করায় বিক্ষোভ, শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শিক্ষকের পিটুনিতে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। উপজেলা সদরের সাহিদ আলী পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে গতকাল রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক আরিফ মো. দুলাল দশম শ্রেণির অঙ্কের ক্লাস নিতে যান। তিনি ছাত্রদের একটি অঙ্ক করতে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় তাঁর প্রতিদ্বন্দ্বী স্থানীয় এক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেটি পারেননি বলে গল্প করেন মো. দুলাল। শুনে শিক্ষার্থীরা হেসে উঠলে খেপে যান তিনি। এরপর ওই শ্রেণির শিক্ষার্থী বিলাস সরকারকে ডেকে নিয়ে হাসির কারণ জানতে চান। কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মাথাসহ নাকে-মুখে কিল-ঘুষি মারতে থাকেন তিনি। বিকেলে বিলাস অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। বিলাস মাথায় আঘাত পেয়েছে বলে জানান সেখানকার চিকিৎসক। অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিলাসের বাবা শিক্ষক হরিপদ সরকার গতকাল সকালেই শাল্লা থানায় মো. দুলালকে আসামি করে একটি মামলা করেন। এ খবরে বিলাসের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ইউএনওর কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে তাঁকে স্মারকলিপি দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।
সমাবেশে বক্তব্য দেয় বিলাসের সহপাঠী অমিতাভ চৌধুরী ও শ্রীবাস চন্দ্র চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি পলাশ চৌধুরী, হিমেল চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশ থেকে প্রধান শিক্ষককে বরখাস্তের দাবি জানানো হয়।
শাল্লা থানার ওসি আনিসুর রহমান বলেন, আহত শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় শিক্ষক মো. দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।