শিক্ষার্থীকে মারধর কর্মচারীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপণনবিদ্যা বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তবে ওই কর্মচারী মারধরের অভিযোগ অস্বীকার করে কথা-কাটাকাটি হয়েছে বলে দাবি করেছেন।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম রাজিবুল হক। তিনি একই বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র এবং আল-বিরুনি হলের আবাসিক শিক্ষার্থী।
রাজিবুল হক বলেন, গতকাল বেলা ১১টার দিকে তিনি বিভাগীয় কার্যালয়ের সামনে তাঁর সহপাঠীর পানির বোতল থেকে পানি পান করেন। পান শেষে তিনি বোতলটি কার্যালয় কক্ষের এক পাশে রেখে দেন। এ সময় বিভাগের কর্মচারী মাজেদুল ইসলাম তাঁকে ‘তুই’ সম্বোধন করে দাঁড়াতে বলেন। বোতলটি কার্যালয় কক্ষে রেখে যাওয়ার কারণ জানতে চান মাজেদুল। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজিবুলকে জামার কলার ধরে মারধর করেন মাজেদুল।
রাজিবুল বলেন, ‘আমার সহপাঠী বোতলটি নিয়ে যাবে। তাই ওখানে রেখেছিলাম। এই সামান্য কারণেই তিনি (মাজেদুল) আমাকে মারধর করেন। এ ঘটনার বিচার চেয়ে আজ বুধবার বিভাগে লিখিত অভিযোগ করব।’
তবে মাজেদুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী (রাজিবুল) একটি খালি বোতল আমার হাতে দেন। এতে আমি ক্ষুব্ধ হয়ে তাঁকে ধমক দিই। মারধর করিনি।’
এ প্রসঙ্গে বিপণনবিদ্যা বিভাগের সভাপতি ফারহানা সেহরীন বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু শুনিনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’