শিক্ষার্থীকে মারধরকারীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন থেকে মারধারকারীদের দ্রুত শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু ক্যাম্পাসের বাইরেই নয়, বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে এসে ছিনতাই ও শিক্ষার্থীদের মারধর করে। এ ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ছাত্রীদের উত্ত্যক্ত, খেলার মাঠে আধিপত্যসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের হেনস্তা করে বহিরাগতরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। গত সোমবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুর এলাকায় দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে মুঠোফোন ছিনিয়ে নেয় স্থানীয় কয়েক ব্যক্তি।