শিক্ষার্থীকে মারধরের ভিডিও ফেসবুকে, ৩ স্কুলছাত্র বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে মারধর করার ভিডিও ফেসবুকে প্রচারের অভিযোগে তিন স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিন ছাত্র মিলে গতকাল বৃহস্পতিবার একই স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রকে মারধর করে মুঠোফোনের ক্যামেরায় তা ধারণ করে। পরে সেই ভিডিও তারা পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার খবর জেনে আহত শিক্ষার্থীর বাবা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। স্কুল পরিচালনা কমিটি আজ শুক্রবার দুই দফা বৈঠক করে অভিযুক্ত তিন ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ছোট ছোট ছেলেদের হাতে এভাবে বড় ক্লাসের ছাত্রকে নির্যাতন ও হেনস্তা করার ঘটনা দুঃখজনক।
স্কুল সূত্রে জানা গেছে, এর আগেও তাদের বিরুদ্ধে আরও কয়েকজনকে মারধর করার অভিযোগ রয়েছে। শাসন করলেও কাজ হয়নি।
ওই তিন ছাত্রের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলটির প্রধান শিক্ষক। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বলেছেন, ওই তিন ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার কথা ভাবা হচ্ছে।
এদিকে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, অভিযুক্ত ওই তিন ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।