শিক্ষার্থীকে শাসন করা নিয়ে সংঘর্ষে একজন নিহত
মক্তবে পড়ানোর সময় শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় মহলবাড়ি গ্রামে হামলার ঘটনা ঘটেছে। এতে একরামুল হক খান (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। একরামুলের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহলবাড়ি জামে মসজিদের ইমাম হাবীবুল্লাহ আল হাবীব স্থানীয় একটি মক্তবে পড়ান। পড়ানোর সময় তিনি শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। গত মঙ্গলবার তিনি একরামুলের নাতনিকে মারধর করেন। ঘটনা জানার পর ওই দিনই একরামুল আল হাবীবকে ডেকে এনে তাঁর নাতিকে মারধরের কারণ জানতে চান। সে সময় ওই শিক্ষার্থীর বাবা আবদুর রাজ্জাকের সঙ্গে আল হাবীবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজ্জাক তাঁকে চড়-থাপ্পড় মারেন। এ নিয়ে বুধবার সালিস হয়। সেখানে একরামুল ও রাজ্জাক উপস্থিত না হওয়ায় কয়েক ব্যক্তি তাঁদের আনতে যান। রাজ্জাক তাঁদের সঙ্গেও অশোভন আচরণ করায় সালিসে উপস্থিত হাবীবের পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে একরামুলের হোটেলে হামলা চালান। সে সময় তাঁরা হোটেল ভাঙচুর করে একরামুল, রাজ্জাক ও হোটেল কর্মচারীদের বেধড়ক পেটান। পরে একরামুলকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর প্রতিবাদে একরামুল পক্ষের লোকেরা গতকাল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালিয়াডাঙ্গী-পীরগঞ্জ সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁরা মহলবাড়ি এলাকার চারটি বাড়ি ভাঙচুর ও একটিতে আগুন দেন।