
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর পেপার স্প্রে করেছে পুলিশ। আন্দোলন থামাতে বেধড়ক লাঠিপেটা ও গালাগালির অভিযোগ উঠেছে বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
গতকাল বুধবার আন্দোলনের ১৯তম দিনে পুলিশের হামলায় কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অবশ্য পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।
এ ঘটনার সময় ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আহত হওয়ার প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া পুরোনো শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ঢাকা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ক্লাস বর্জন করার আহ্বান জানিয়েছেন। তাঁরা ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি পালন করারও অনুরোধ করেছেন।
আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা আজও সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হবেন।
গত ১৮ সেপ্টেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক দিন পর থেকেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তবে গতকালের আন্দোলনে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। এর আগে সর্বোচ্চ শ তিনেক শিক্ষার্থীকে আন্দোলনে দেখা গেলেও গতকাল পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলনে যোগ দেন।
আন্দোলনরত শিক্ষার্থী সালমান সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘সকাল নয়টা থেকেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছিলাম। দুপুর ১২টার দিকে শাহবাগের দিকে গেলে পুলিশ জাতীয় জাদুঘরের সামনে ব্যারিকেড দেয়। আমরা ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিই। ওখান থেকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়।’
আন্দোলনে অংশ নেওয়া এক চিকিৎসক বলেন, পুলিশ কমপক্ষে পাঁচজনকে লক্ষ্য করে পেপার স্প্রে ছোড়ে। মিছিলের সামনের দিকে যাঁরা ছিলেন তাঁদের সবাইকে নির্বিচারে পুলিশ লাঠিপেটা করেছে। পুলিশি হামলায় আতঙ্কিত এক নারী ছুটে পালাতে গেলে পুলিশ তাঁকে পেছন থেকে লাঠি দিয়ে মারধর করে। আন্দোলনে অংশ নেওয়া প্রায় সবাই কম-বেশি আহত হয়েছেন। অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, সার্ক ফোয়ারার সামনে পুলিশ একজন নারীকে অপমানজনক কথা বললে তিনি কাঁদতে শুরু করেন।
তবে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে-শুনিয়ে সরিয়ে দিয়েছি। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।’
গতকাল প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য দেশের সব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল। এতে সাড়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সকালেই শহীদ মিনারে জড়ো হন। নাম প্রকাশে অনিচ্ছুক চতুর্থ বর্ষের এক ছাত্রী বলেন, ‘সকালে একটা ক্লাস শেষ করেই আমরা কলেজ ছেড়ে শহীদ মিনারে চলে আসি। যারা ভর্তি হয়েছে, জুনিয়র হিসেবে তাদের আমরা পছন্দ করছি না।’
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল বলেন, ‘আমি যা বলার আগেই বলে দিয়েছি। রাস্তা অবরোধ করে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না। নিশ্চয়ই এদের পেছনে কোনো উসকানিদাতা আছে।’ এর আগে গত রোববার মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী রাস্তায় অবরোধ করে আন্দোলন করা একটি ফ্যাশনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন।

ছাত্র ধর্মঘট পালিত, বিক্ষোভ অব্যাহত: প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের আহ্বানে গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। এরপর থেকে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা নেওয়ার খবর পাওয়া গেছে। সকাল থেকেই তাঁরা কলাভবনের সামনে অবস্থান নেন। দিনের শুরুতে জোটের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে তালা লাগিয়ে দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভবনগুলোর তালা ভাঙার ব্যবস্থা করেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী দাবি করেছেন, ধর্মঘটের কারণে ক্লাস কিছুটা বিঘ্নিত হলেও দিনের পরীক্ষাগুলো যথাসময়ে হয়েছে।
সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এ ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত নতুন কলাভবনের প্রধান ফটক অবরোধ করে রাখেন ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। কলাভবনের অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ ছাড়া ভোরে ঢাকাগামী শিক্ষক বাস চলতে বাধা দেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতে গোনা কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত ছিল। ধর্মঘটের সমর্থনে গতকাল সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল সকাল আটটা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। মেডিকেল কলেজের বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করলে শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন। একই দাবিতে দুপুর ১২টার দিকে নগরের অশ্বিনীকুমার হলের সামনে মেডিকেলসহ সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া গতকাল আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশি হামলার নিন্দা করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।