শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ইজারাদারদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাঁরা হলেন কবির হোসেন (৩৫), আবদুল লতিফ (৩৩), মো. মোস্তফা (৩২), সাইফুল ইসলাম (৩৮) ও হেলেনা বেগম (৪৮)।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বন অধিদপ্তর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড়ে প্যাকেজের অনুমোদন নিয়ে শনিবার তাঁরা ওই পার্কে প্রবেশ করছিলেন। এ সময় শিক্ষার্থীদের কাছে পার্কের গেটের ইজারাদারেরা আইডি কার্ড দেখতে চান। প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। এখনো আইডি কার্ড ইস্যু না হওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তির রশিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে গাজীপুরের শ্রীপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেটের ইজারাদার সফিকুর রহমান এবং শ্রীপুর থানা কৃষক লীগের সভাপতি কবির হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ মুঠোফোনে তোলা ছবি দেখে হামলাকারীদের চিহ্নিত করে এবং পাঁচজনকে আটক করে।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন প্রথম আলোকে বলেন, এটাই প্রথম নয়। এর আগেও পার্কের ইজারাদারদের হাতে অনেক শিক্ষক-শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছেন। মারামারির ঘটনাও ঘটেছে একাধিকবার।
ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা খুবই দুঃখজনক। এই হামলায় দুই শিক্ষকও সামান্য আহত হয়েছেন। ছাত্রীদের নানাভাবে লাঞ্ছিত করা হয়েছে।
পার্কের ঠিকাদার সফিকুল ইসলাম দাবি করেন, পার্কে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে পরিচয়পত্র চাইলে গেটের কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠায় তাঁর লোকজনের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুমোদন নিয়েই পার্কে প্রবেশ করছিলেন। ঠিকাদারের লোকজনের হামলার বিষয়টি দুঃখজনক। পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।