সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের ধরমপাশা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফির নামে অবৈধভাবে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কলেজের ডেমোনেস্ট্রেটর (প্রদর্শক) তাপস চন্দ্র রায় শিক্ষার্থীদের কাছ থেকে এই অর্থ আদায় করছেন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ধরমপাশা ডিগ্রি কলেজ, একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর ধরমপাশা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ৪০২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। মাস দেড়েক আগে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তির সময় রেজিস্ট্রেশন ফিসহ অন্যান্য পাওনা আদায় করে শিক্ষার্থীদের ভর্তি করা হয়ে থাকে। কিন্তু নিয়মনীতির কোনো রকম তোয়াক্কা না করে ধরমপাশা ডিগ্রি কলেজের ডেমোনেস্ট্রেটর তাপস চন্দ্র রায় গত শনিবার থেকে ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ৩০০ টাকা আদায় করছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলে, ‘ভর্তির সময় রেজিস্ট্রেশন ফিসহ যাবতীয় পাওনা টাকা আমরা পরিশোধ করেছি। কিন্তু এখন রেজিস্ট্রেশনের কথা বলে ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। এ বাবদ কোনো রসিদও আমাদের দেওয়া হচ্ছে না।’
কলেজের ডেমোনেস্ট্রেটর তাপস চন্দ্র রায় বলেন, ‘আমাদের কলেজের অধ্যক্ষ স্যার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা আদায় করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। স্যারের নির্দেশেই আমি এই দায়িত্ব পালন করছি। ঝামেলা থাকায় সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের রসিদ দিতে পারিনি। সবাইকে রসিদ দেওয়া হবে।’
কলেজের অধ্যক্ষ আবদুল করিম দাবি করেন, রেজিস্ট্রেশন ফি নয়, ইএসআইএফ (ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম) পূরণের সময় শিক্ষার্থীদের এক মাসের বেতন ও কলেজের কিছু খরচ বাবদ ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের এ বাবদ রসিদও দেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খন্দকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’