ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভোমরাদহ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে উপবৃত্তির জন্য ছবি তোলা ও উপবৃত্তি কার্ডে স্বাক্ষরের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ২৩ জন অভিভাবক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে ই খোদার বিরুদ্ধে গত ২৪ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
ওই অভিযোগে বলা হয়, তাঁদের ছেলেমেয়েদের উপবৃত্তি দেওয়ার জন্য ছবি তোলা ও উপবৃত্তি কার্ডে স্বাক্ষর দেওয়ার সময় দুই দফায় ৬০ থেকে ১০০ টাকা হারে অবৈধভাবে আদায় করেছেন ওই বিদ্যালয়ের পিয়ন আবদুল মান্নান। উপজেলা শিক্ষা কার্যালয়ে দিতে হবে মর্মে প্রধান শিক্ষকের নির্দেশে আবদুল মান্নান ওই টাকা আদায় করছেন। উপবৃত্তি কার্ডে স্বাক্ষর করার সময় ১৪ জুলাই ২০ টাকা করে ও এর এক মাস আগে ছবি তোলার নামে অভিভাবকদের কাছ থেকে ৪০ থেকে ৮০ টাকা হারে আদায় করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ফজলে ই খোদা তাঁদের (অভিভাবকদের) বলেন, ‘উপজেলা শিক্ষা কার্যালয়ে টাকা দিতে হবে এ জন্য টাকা আদায় করা হয়েছে।’
আবদুল মান্নান বলেন, ‘আমি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কাজ করতে পারি না। যা করেছি তাঁর অনুমতি নিয়েই করেছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু হারেছ গত শনিবার দুপুরে ওই বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। তাঁর আগমনের খবর পেয়ে অর্ধশতাধিক অভিভাবক বিদ্যালয়ে ছুটে এসে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন। এ সময় বিদ্যালয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ তিনজন স্থানীয় সাংবাদিক, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির তিনজন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় মো. আবু হারেছ প্রথম আলোকে বলেন, ‘অভিভাবকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান শিক্ষক ফজলে ই খোদা বলেন, ‘১৪ জুলাই টাকা আদায়ের দিনে আমি ছুটিতে ছিলাম তাই টাকা আদায়ের কথা জানি না।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘কার্যালয়ের নামে টাকা আদায়টা বেআইনি কাজ। আমি অভিযোগের তদন্ত করতে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।’