চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জমি থেকে বোরো ধানের চারা তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বিদ্যালয়ের পাঁচজন অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছিদ্দিকুর রহমান গত শনিবার বিদ্যালয় চলাকালীন কয়েকজন ছাত্রছাত্রীকে দিয়ে বিদ্যালয়ের সামনের জমি থেকে বোরো ধানের চারা তুলিয়েছেন। এ অবস্থা দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিক বিষয়টি ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানান।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামকে রোববার সকালে তদন্তের জন্য বিদ্যালয়ে পাঠানো হয়। তিনি অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল সোমবার এ ঘটনায় ছিদ্দিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক তাছলিমা বেগম বলেন, ‘গত শুক্রবার দুপুরে জায়গাসম্পত্তি নিয়ে ছিদ্দিকুর রহমানের সঙ্গে স্থানীয় লিটন মিয়ার ঝগড়া হয়। লিটন এ ঘটনা বিদ্যালয়ে টেনে এনেছেন। শনিবার দুপুরে লিটন ৮-১০ জন যুবক নিয়ে বিদ্যালয়ে ঢুকে আমাদের গালিগালাজ করেন। পরে তাঁরা বিদ্যালয় থেকে ১০-১২ জন ছাত্রছাত্রীকে নিয়ে জমি থেকে চারা তুলতে বাধ্য করেন।’ লিটন তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ প্রসঙ্গে পরিচালনা পর্যদের সভাপতি প্রথম আলোকে ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমি জমি রোপণের জন্য চারা তুলছিলাম। সে সময় বিদ্যালয়ের কয়েকজন ছেলেমেয়ে আমার সঙ্গে যোগ দেয়।’
ইউএনও সামিউল মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে এদের বেশির ভাগই তাঁর আত্মীয়স্বজন ছিল। এলাকাবাসী তাৎক্ষণিক আমাকে বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে।’