রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত আটটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই দফার এ সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সূত্রপাত রাত আটটার দিকে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ভেতরে আসন বণ্টন নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয় প্রভোস্ট অসীম কুমার ভদ্র ও সহকারী প্রভোস্ট শারমিন শৈলীর মধ্যে। দুজনের বিতণ্ডা চরমে পৌঁছলে পাশেই থাকা নজরুল ইসলাম নামে এক শিক্ষক প্রভোস্টকে লাঞ্ছিত করেন। এ সময় আরও কয়েকজন শিক্ষক এসে প্রভোস্টকে ধাক্কাধাক্কি করেন। শারমিন শৈলী ও নজরুল ইসলাম দুজনই হর্টিকালচার বিভাগের শিক্ষক।
পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা উপাচার্য শাদাত উল্লাহর বাসভবনের সামনে জড়ো হন। তাঁরা অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের আরেকটি দল এসে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীদের দুটি পক্ষ কেন্দ্রীয় মাঠে গিয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।