শিক্ষার্থীদের না জানিয়েই আবেদন: অভিযুক্ত চার কলেজকে শো'কজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শিক্ষা বোর্ডের চারটি কলেজের বিরুদ্ধে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের না জানিয়েই তাদের আবেদন করে ফেলার অভিযোগ ওঠেছিল। আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীর ওই চারটি কলেজের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে চিঠি (শো’কজ) দিয়েছে।

যে চারটি কলেজকে কারণ দর্শাতে বলা হয়েছে সেগুলো হলো, রাজধানীর দক্ষিণখান এলাকার মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার মডেল হাইস্কুল ও টঙ্গীর সিটি কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে এই তথ্য জানান।

রাজধানীর দক্ষিণখান এলাকার মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থীর বেলায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। এ ছাড়া গত ৯ জুন প্রথম আলোর বিশাল বাংলা পাতায় নারায়ণগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এই অনিয়ম নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ছাড়া গত ৯ জুন প্রথম আলোর অনলাইনে ও ১০ জুন প্রথম আলো পত্রিকায় ‘একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ে বিড়ম্বনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছে, তাদের আবেদন আগেই করা হয়ে গেছে। এমনকি তাদের না জানিয়েই কলেজের পছন্দক্রম দেওয়া হচ্ছে। এ কারণে অনেকে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে।