শিক্ষার্থীদের পুড়িয়ে মারার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও শিক্ষার্থীদের আগুনে পুড়িয়ে মারার হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গত সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনের রাস্তায় প্রায় আধঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ৪ জুন বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী নিয়োগকে কেন্দ্র করে সদ্য বিলুপ্ত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন সন্ত্রাসীদের দিয়ে বিদ্যালয়ের শৌচাগার ও শ্রেণিকক্ষের দরজা ভাঙচুর করিয়েছেন। তা ছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেন। তাঁর এসব অপকর্মের বিষয়ে প্রতিবাদ করা হলে শিশু শিক্ষার্থীদের এক কক্ষে ঢুকিয়ে আগুন দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়। অভিযোগের বিষয়ে জসিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. জাহাঙ্গীর আলম বলেন, মানববন্ধন করার কথা তিনি শুনেছেন। সৃষ্ট সব সমস্যা সমাধানে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।