শিক্ষার্থীদের পেটানোর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের সূত্র না পারায় সাতক্ষীরা শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ২২ শিক্ষার্থীকে গত সোমবার লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।
এ অভিযোগে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, ‘আনারুল ইসলাম নামের একজন অভিভাবক ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাজহারুল হাসান জানায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক আবু তাহের গণিত ক্লাস নিতে আসেন। তিনি ছাত্রছাত্রীদের কাছে বীজগণিতের মান নির্ণয়বিষয়ক একটি সূত্র জানতে চান। যারা বলতে পারেনি, লাঠি নিয়ে এসে তাদের বেধড়ক মারধর করা হয়।
আগে একাধিকবার তাঁকে লাঠি দিয়ে না মারার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি শোনেননি। বাধ্য হয়ে গতকাল অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
প্রধান শিক্ষক আবু তাহের বলেন, তিনি ১০ থেকে ১২ জন ছাত্রছাত্রীকে আস্তে আস্তে পাঁচ-সাতটি করে আঘাত করেন। বিদ্যালয়ে ব্যবস্থাপনা পর্ষদ ও শিক্ষকদের বিরোধের কারণে ঘটনাটিকে বড় করে দেখা হচ্ছে।