শিক্ষার্থীদের বৃত্তির টাকা কেড়ে নিলেন শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে আনন্দ স্কুলের দুই শিক্ষক শিশুশিক্ষার্থীদের বৃত্তি ও আনুষঙ্গিক খরচের টাকা কেড়ে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কয়েকজন অভিভাবক ইউএনওর কাছে এমন অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে আনন্দ স্কুলগুলো চালু করা হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচ বছরের জন্য প্রকল্পটি গ্রহণ করেছে। প্রতি স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ৭ ডিসেম্বর থেকে এসব স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি ও আনুষঙ্গিক খরচের টাকা দেওয়া হচ্ছে।
কুর্শা মুড়িয়াচুয়া ও কুর্শা পঞ্চায়েতপাড়া আনন্দ স্কুলের ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে গত বুধবার তারাগঞ্জ সোনালী ব্যাংক থেকে উপবৃত্তির ছয় মাসের ৬০০ টাকা ও আনুষঙ্গিক খরচের এক হাজার টাকাসহ মোট ১ হাজার ৬০০ টাকা করে দেওয়া হয়। টাকা নিয়ে শিক্ষার্থীরা বের হলে দুই শিক্ষক রেখা রানী ও আকতারা বানু এক হাজার টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেন।
কুর্শা পঞ্চায়েতপাড়া আনন্দ স্কুলের শিক্ষার্থী রাসেল ইসলাম বলে, ‘আপা মোর শাটের কলার ধরি মারি এক হাজার টাকা ব্যাংকের নিচোত কাড়ি নিছে।’ একই অভিযোগ করে ওই স্কুলের শিক্ষার্থী আপন খান, মোস্তাকিনা খাতুন, পারভেজ হোসেন।
শিক্ষক রেখা বলেন, ‘আমি যে টাকা কাড়ি নিছি তার কী প্রমাণ আছে? কায় তোমাক অভিযোগ করছে?’
কুর্শা পঞ্চায়েতপাড়া স্কুলের শিক্ষক আকতারা বানু বলেন, ‘শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে যাতায়াত, খাওয়া বাবদ যে টাকা মুই খরচ করচুন, তাকে শিক্ষার্থীদের কাছ থাকি নিছুন। অভিযোগ করিল তা কী হইল?’
প্রকল্পে নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষণ সমন্বয়কারী সপুরা বেগম বলেন, কয়েকজন অভিভাবক এ ধরনের অভিযোগ করায় টাকা বিতরণ বন্ধ রাখা হয়েছে। ইউএনও জিলফা সুলতানা বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।