শিক্ষার্থীদের ভাঙচুর ছবি তুলতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে চট্টগ্রামে বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ ও ভাঙচুর করে। এ সময় পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করেন। দুপুর ১২টায় তোলা l ছবি: প্রথম আলো
বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে চট্টগ্রামে বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ ও ভাঙচুর করে। এ সময় পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করেন। দুপুর ১২টায় তোলা l ছবি: প্রথম আলো

বার কাউন্সিলের অধীনে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ ও ভাঙচুর করেছেন চট্টগ্রামের বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। এ সময় ছবি তুলতে গেলে বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্রীদের বাধা দেন তাঁরা।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় শাখা ক্যাম্পাসের শিক্ষার্থীদের অ্যাডভোকেটশিপ দেওয়ার সুযোগ দেওয়া হবে না—এ খবর ছড়িয়ে পড়ার পর আইন অনুষদের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক আইন অনুষদের একজন শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় শাখা ক্যাম্পাস বৈধ জেনেই এখানে ভর্তি হয়েছি। কিন্তু আমরা জেনেছি, অবৈধ ক্যাম্পাস হিসেবে এখানকার শিক্ষার্থীদের অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে দেবে না বার কাউন্সিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বিভিন্ন সেমিস্টারের কয়েক শ শিক্ষার্থী শাখা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাঁরা শাখা ক্যাম্পাসের গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করতে থাকেন। এ সময়ে ছবি তুলতে গেলে তাঁরা আলোকচিত্রীদের বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক পূর্বকোণ পত্রিকার আলোকচিত্রী মো. শরীফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভাঙচুর ও বিক্ষোভের ছবি তোলার সময় কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র আমাদের ওপর চড়াও হন। তাঁরা আমাদের ছবি তুলতে বাধা দেন।’
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা: পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের চার ফটোসাংবাদিকের ওপর হামলার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চিটাগাং ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
গতকাল সিইউজের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিপিজেএর সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ পৃথক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, নগরের প্রবর্তক মোড় এলাকায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাঁদের আন্দোলনের একপর্যায়ে ক্যাম্পাসে ভাঙচুর চালান। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জুয়েল শীল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের উজ্জ্বল কান্তি ধর, দৈনিক পূর্বকোণ-এর শরীফ চৌধুরী এবং আমাদের সময়-এর এস এম তামান্নার ওপর ছাত্র নামধারী একদল দুর্বৃত্ত হামলা চালায় এবং দায়িত্ব পালনে বাধা দেয়।