
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীদের করা মানববন্ধনে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় অনশনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের দাবি, শিক্ষার্থীদের প্রক্টরের সঙ্গে আলোচনা করে মানববন্ধন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ত ম লোকমান হাকিম বলেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। ক্যাম্পাসে প্রশাসনের কোনো কর্তাব্যক্তি না থাকায় তিনি শিক্ষার্থীদের উপাচার্য, সহ-উপাচার্যের সঙ্গে দেখা করতে বলেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, টানা সাড়ে তিন মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। দ্রুত ক্যাম্পাস খোলার দাবিতে আজ সকাল সাড়ে ১০টায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির সামনে একত্র হন। বেলা ১১টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনের জন্য যেতে চাইলে পুলিশ তাঁদের ডায়না চত্বরে আটকে দেয়। পরে ডায়না চত্বর ও প্রধান ফটকের মাঝামাঝি স্থানে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান। ১৭ মার্চের মধ্যে তাঁদের দাবি মেনে না নিলে ১৮ মার্চ থেকে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থী তনা রায় বলেন, ‘এমনিতেই তিন বছরের সেশনজটে আছি। সেটিও আবার দীর্ঘায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে না দিলে আমাদের কোনো পথ নাই।’
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রক্টরের সঙ্গে কথা বলে মানববন্ধন করতে বলেছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘ক্যাম্পাস খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষÿথেকে চেষ্টা অব্যাহত রয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে ৩৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। পরে গত ৮ জানুয়ারি ক্যাম্পাস খোলা হয়। কিন্তু ৯ জানুয়ারি অবরোধের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকলেও বন্ধ রয়েছে আবাসিক হলসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম।