শিক্ষার্থীদের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদরের জগদল উচ্চবিদ্যালয়ে বই নিয়ে না যাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিদ্যালয়ের ফটকে তালা দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের পঞ্চগড়-বাংলাবান্ধা সড়ক অবরোধ করলে পঞ্চগড় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নকিবুল হাসান প্রধান বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই বিদ্যালয়ের নতুন শিক্ষক আবুল কালাম আজাদ বই নিয়ে না যাওয়ায় রোববার বিকেলে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে লাঠি দিয়ে পেটান। এ ছাড়া প্রায় দিনই ওই শিক্ষক শিক্ষার্থীদের নানা অজুহাতে মারধর করেন। রোববারের ঘটনায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের কাছে অভিযোগ করে। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, ‘বিষয়টি শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটিসহ স্থানীয় ব্যক্তিরা বসে সমাধান করব।’  পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে।