শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও মিছিল করেছেন শিক্ষার্থীরা। জালিয়াতির ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইশাত ইমতিয়াজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও চা-প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিনকে গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তাঁরা দুজন কারাগারে রয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে গতকাল দুপুর ১২টার দিকে ‘ভর্তি জালিয়াত চক্র বিষয়ে প্রশাসনের অস্বচ্ছতা ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের’ প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের পাশে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচির কারণে দুপুর ১২টা ১০ মিনিটের শিক্ষক ও শিক্ষার্থী পরিবহনের বাস নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে পারেনি। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী মো. নাসের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আলমগীর কবির, জাহিদ হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে অবস্থান কর্মসূচি তুলে নেওয়ার অনুরোধ করেন। শিক্ষার্থীরা বেলা একটার দিকে অবস্থান কর্মসূচি শেষ করেন। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।
এদিকে গতকাল স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় অভিযুক্ত শিক্ষার্থী আল আমিনকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। দাপ্তরিক আদেশে বলা হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আল আমিন ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিকেল সোয়া পাঁচটার দিকে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী মো. নাসের ইবনে আফজাল বলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. রাশেদ তালুকদারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।