শিক্ষার্থীদের লাঠিপেটা করায় প্রধান শিক্ষক অবরুদ্ধ
স্কুলে প্রথম মডেল টেস্ট পরীক্ষার সিট প্ল্যান অনুযায়ী না বসায় প্রধান শিক্ষক বেধড়ক লাঠিপেটা করেছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে। এর প্রতিবাদে পরীক্ষা না দিয়ে শিক্ষার্থীরা এলাকাবাসীর সহায়তায় প্রধান শিক্ষককে স্কুলের লাইব্রেরি ভবনে তালাবদ্ধ করে রাখে।
প্রায় তিন ঘণ্টা পর বেলা তিনটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিশের সহায়তায় স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কোড়কদি রাসবিহারী উচ্চবিদ্যালয়ে।
৮ এপ্রিল থেকে ওই বিদ্যালয়ে প্রথম মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। গতকাল সোমবার পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা সিট প্ল্যান অনুযায়ী না বসায় প্রধান শিক্ষক কাসেদ আলী মোল্লা দুপুর ১২টার দিকে দুটি কক্ষে ঢুকে পরীক্ষা দেওয়ারত ষষ্ঠ থেকে দশম শ্রেণির বেশ কিছু শিক্ষার্থীকে বেত দিয়ে পেটান।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়া বন্ধ করে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে আসে। পরে তারা এলাকাবাসীর সহায়তায় প্রধান শিক্ষককে স্কুলের লাইব্রেরিতে তালাবদ্ধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারসহ তাঁকে ওই বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানায়।
প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বেলা তিনটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান স্কুলে উপস্থিত হয়ে মধুখালী থানা-পুলিশের সহায়তায় প্রধান শিক্ষককে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন।
প্রধান শিক্ষক কাসেদ আলী মোল্লার মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনার তদন্তে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল আওয়াল আকন্দকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুয়ায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।