কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা থেকে মৌতলা পর্যন্ত ১২ কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার মানববন্ধন ও মিছিল হয়েছে। পটুয়াখালীতে মানববন্ধনে বক্তারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রমে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট করার অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানান।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: কিন্ডারগার্টেনের পাঁচ শতাধিক শিশুশিক্ষার্থী সকালে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের জেলা শাখার ডাকে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল শিশুপার্কের সামনে এ মানববন্ধন করা হয়। একই সময়ে প্রেসক্লাবের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগেও মানববন্ধন হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনুর হক সভাপতিত্ব করেন।
বক্তারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যক্রমে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট করার অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সাতক্ষীরা: কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নলতা থেকে মৌতলা পর্যন্ত ১২ কিলোমিটারব্যাপী মানববন্ধন হয়। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, পূজা উদ্যাপন কমিটি, কালীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নেয়।
ফরিদপুর: দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন হয়। জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এর আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন উপজেলা থেকে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা যোগ দেন। এ ছাড়াবেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের জেলা শাখা এর আয়োজন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হরি শংকর বিশ্বাস প্রমুখ।
ভোলা: প্রেসক্লাবের সামনে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখা এর আয়োজন করে। তাদের সঙ্গে সর্বস্তরের মানুষ যোগ দেন। বক্তারা বলেন, মুসলমান কখনো সন্ত্রাসী ও জঙ্গি হতে পারে না। এটা বিদেশি চক্রান্ত।
মাগুরা: শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয় চত্বর থেকে সকাল ১০টার দিকে মিছিল বের করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজন করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।