বাস ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের মারামারির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনালে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজশাহী-ঢাকাগামী শিশির পরিবহনের চালকের দুই সহকারী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাফসুল ইসলাম ও চতুর্থ বর্ষের তারেককে গালাগাল করেন। এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজারে শিক্ষার্থীরা শিশির পরিবহনের ওই বাসটি আটকে চালকের সহকারীকে মারধর করেন। এ সময় অন্যান্য বাসের শ্রমিক ও স্থানীয় ব্যক্তিরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এমরান ও শিশির পরিবহনের বাসের চালকের দুই সহকারী আহত হন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিশির পরিবহনের বাসটি ভাঙচুর করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, ছাত্র উপদেষ্টা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুজিবুল হক আজাদ বলেন, ‘বাসের হেলপার শিক্ষার্থীদের গালাগাল করলে ছেলেরা হেলপারকে মারধর করেছে। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে আমরা গিয়ে বিষয়টি মিটিয়ে দিয়েছি।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তুচ্ছ ঘটনায় বাসচালকের সহকারীদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি হয়েছে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছে।