শিক্ষার্থীদের সামনেই শিক্ষককে মারধর!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল না মারার ঘটনার জের ধরে শিক্ষার্থীদের সামনেই এক শিক্ষককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোমিনুর রহমান অভিযোগ করেন, গত শনিবার ইউপি নির্বাচনের দিন তিনি নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী জয়নাল আবেদীনের ছেলে শাকিলসহ কয়েকজন বুথ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাঁদের সামনেই তাঁকে সিল মারতে বলেন। কিন্তু তাঁদের কথা না শুনে তিনি গোপন কক্ষে গিয়ে সিল মারেন। এ ঘটনার জের ধরে গতকাল শাকিলের নেতৃত্বে কয়েকজন বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সামনে তাঁকে মারধর করেন। পরে শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সামনেই ওই শিক্ষককে মারধর করা হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে। কাল (মঙ্গলবার) শিক্ষকেরা বসে কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নারায়ণপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘মারধরের অভিযোগ ঠিক নয়। বিষয়টি কালই (মঙ্গলবার) মিটিয়ে ফেলা হবে।’