এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পঞ্চম বর্ষ ব্যতীত অন্য সব বর্ষের শিক্ষার্থীদের গতকাল সোমবার সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাস সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে পরীক্ষা চলবে।
গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে দ্বিতীয় বর্ষের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল, অনুপম ও সিয়াম পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে পঞ্চম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল সন্ধ্যার মধ্যেœপঞ্চম বর্ষ ব্যতীত অন্য সব বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়। ওই শিক্ষার্থীদের ক্লাস সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা যথারীতি চলবে।
সভায় পঞ্চম বর্ষের ওই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে হিমেল, অনুপম ও সিয়ামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আ ন ম ফজলুল হক পাঠান বলেন, কলেজের ৮০ ভাগ কাজই সচল থাকবে। শুধু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেœশিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে। যাঁদের পরীক্ষা আছে তাঁরা হলেই অবস্থান করতে পারবেন।