শিক্ষার্থীদের হাজির করে সাংসদের 'রাজকীয়' জন্মদিন পালন

ক্লাস বন্ধ রেখে নিজ নির্বাচনী এলাকার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষককে হাজির করে নিজের ৭৭তম জন্মদিনের অনুষ্ঠান করলেন রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার সরকারদলীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা।
গতকাল মঙ্গলবার মাতুয়াইল কনকর্ড সিটি মাঠে প্যান্ডেল করে এই অনুষ্ঠান করা হয়। জন্মদিন উদ্যাপন কমিটির নামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুষ্ঠানে উপস্থিত বর্ণমালা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র প্রথম আলোকেবলে, তারা আসতে চায়নি, কিন্তু বাধ্য করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ভূঁইয়া আবদুর রহমান দাবি করেন, সকালের পালায় যাদের ক্লাস ছিল, তাদের ক্লাস শেষ করে অনুষ্ঠানে নিয়ে যান। দুপুরের পালার ক্লাস হয়েছে।
একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, মূলত শিক্ষকেরাই এই অনুষ্ঠানের আয়োজন করেন। কমবেশি ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই কিছু কিছু করে শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল। বেলা ১১টায় অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও শুরু হয় দুপুর ১২টার দিকে। এ কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, গতকাল তাঁর সন্তানের ক্লাস হয়নি।
জানতে চাইলে সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকেবলেন, স্কুল-কলেজ বন্ধ ছিল না। শিক্ষার্থীদের মধ্যে যারা গান গাইতে পারে, তারা এসেছিল। সাধারণ মানুষও এসেছিল। ‘পোলাপাইন’ চাইল বলে এই অনুষ্ঠান করেছেন বলে জানান সাংসদ।