শিক্ষার্থীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে ইতিহাস পরিবহনের ২৫টি বাস আটক করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ছাত্রদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাসমালিক পক্ষের আশ্বাসের ভিত্তিতে বিকেলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টা থেকে বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাস আটক করতে শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আটটি বাস আটক করেন। তবে বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, মোট ২৫টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
বিকেলে বাসমালিক পক্ষের লোকজন ক্যাম্পাসে আসেন। তাঁরা শিক্ষার্থী, ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক রিপন এ ঘটনার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিকিট কাউন্টার স্থাপন, ছাত্র ভাড়া গ্রহণ, হয়রানি ও দুর্ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।