শিক্ষার্থীদের 'পকেট কাটেন' প্রধান শিক্ষক ও সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি-সহ বিভিন্ন খাতে হিসাববহির্ভূত টাকা আদায়ের প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতির শাস্তির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
ভুক্তভোগী অভিভাবক, শিক্ষার্থী ও সুশীল সমাজের পক্ষ থেকে আগামীকাল বুধবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন, ঘেরাও ও প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝোলানোর কর্মসূচি রাখা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বলে সদস্য এমদাদুল হক ওদুদ নিশ্চিত করেছেন।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, এবার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১৫০ জন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। যাদের মধ্যে রয়েছে ১১৬ জন নিয়মিত ও ৩৪ জন গত বছরের অকৃতকার্য পরীক্ষার্থী।
অভিভাবকদের পক্ষ থেকে আবদুর রাজ্জাক অভিযোগ করেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফির সঙ্গে অতিরিক্ত ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা হিসাবে দেড় লক্ষাধিক টাকা; ষষ্ঠ শ্রেণির ২৭৫ শিক্ষার্থীর ভর্তি ফি ৫৬৫ টাকার সঙ্গে রশিদবিহীন ১১০ টাকা হিসাবে বাড়তি ৩০ হাজার ২৫০ টাকা; সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকেও জানুয়ারি মাসে ভর্তির সময় খেয়ালখুশিমতো টাকা আদায় এবং সর্বশেষ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৯২৭ শিক্ষার্থীর কাছ থেকে ৩০ থেকে ৬০ টাকা হিসাবে ৪২ হাজার টাকা আদায় করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি ও প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে অভিভাবকেরা গত শনিবার প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রধান শিক্ষক হিসাববহির্ভূত সব টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলে তালা খুলে দেওয়া হয়।
প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হিসাববহির্ভূত টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির পরামর্শেই সবকিছু করা হয়েছে। তবে শিক্ষামন্ত্রীর নির্দেশের পর বাড়তি টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় তিনি মুঠোফোনে বলেন, ‘৫০ থেকে ৬০ জনের টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকা বুধবার দেওয়া হবে।’ তবে ফেরত দেওয়া টাকার পরিমাণ তিনি জানাতে পারেননি।
এদিকে পরিচালনা পরিষদের সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রধান শিক্ষক একক সিদ্ধান্তে বাড়তি টাকা আদায় করেছেন। বিষয়টি আমি জানার পর ফেরত দিতে বলেছি। সোমবার কয়েকজনকে ফেরত দিয়েছেনও।’