শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পটিয়া থানায় মামলা করেছেন।
শিক্ষার্থীর পরিবারের ভাষ্যমতে, ১১ মার্চ ছুটির পর বৃষ্টির কারণে বিদ্যালয় থেকে বের হতে পারছিল না পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। তখন বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ছাতা দেওয়ার কথা বলে কৌশলে তাকে বিদ্যালয়ের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করে। এদিকে মেয়ে যথাসময়ে বাড়ি না ফেরায় প্রথমে মা বিদ্যালয়ে তাকে খুঁজতে আসেন। কিন্তু তিনি মেয়েকে না পেয়ে ফিরে যান। কিছুক্ষণ পর বাবা খুঁজতে এসে মেয়েকে বিদ্যালয়ের ভেতরে দপ্তরির সঙ্গে দেখতে পান। এরপর বাবার সঙ্গে বাড়ি ফিরে ছাত্রীটি পরিবারের কাছে ঘটনা খুলে বলে।
ওই ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি সেদিনই প্রধান শিক্ষককে মৌখিকভাবে জানিয়েছেন। ১৩ মার্চ তিনি এ ব্যাপারে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেন।
প্রধান শিক্ষক প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ সব সদস্যকে জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত দপ্তরিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দপ্তরিকে তাঁর কার্যালয়ে ডেকে আনা হয়। সেখানে শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওই দপ্তরিকে আটক করে থানায় নিয়ে যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, বৃহস্পতিবার রাতে ওই দপ্তরির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দপ্তরি ঘটনা স্বীকার করেছেন।