শিক্ষাসচিবের নাম করে প্রতারণার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিব সোহরাব হোসাইনের নাম ব্যবহার করে একটি চক্র ফাঁদ পেতে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে টাকা চাইছে। এ জন্য তারা নির্দিষ্ট নম্বর দিয়ে ফোন বা মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ওই সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে যোগাযোগ করতে নির্দেশ দিচ্ছে। 

জানতে চাইলে শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, তিনি কাউকে কোনো কোনো কাজের জন্য যোগাযোগ করতে বলেননি। নিয়মানুযায়ী যার যে কাজ সেটা স্বাভাবিকভাবেই হবে। তাঁর নাম ব্যবহার করে কেউ যদি এ রকম কিছু করে থাকে, তাহলে পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে টাকা না দিতেও পরামর্শ দেন তিনি।
অভিযোগ উঠেছে, এই চক্রের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত। কারণ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান যেসব আবেদন জমা দেয়, সেগুলোর কথা উল্লেখ করেই চক্রটি ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। কয়েক দিন আগে কাউসার নামে এক ব্যক্তি শিক্ষাসচিবের দপ্তরের পরিচয় দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এম বাজার নেছারিয়া দাখিল মাদ্রাসায় উন্নয়নকাজের বিষয়ে ওই মাদ্রাসার করা আবেদনের কথা উল্লেখ করে খুদে বার্তা পাঠায়। সভাপতির বরাবর করা এই বার্তায় বলা হয় ‘আপনার মাদ্রাসার আবেদনের জন্য যোগাযোগ করার নির্দেশ দিয়েছে সিনিয়র সচিব মো. সোহরাব হোসেন।’ যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেওয়া হয়। অথচ সোহরাব হোসেন সিনিয়র সচিব নন। তাঁর নামটিও ভুলভাবে লেখা হয়েছে। এ বিষয়ে আজ ওই মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়।