এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষাসফরের বাস ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বাসে করে বার্ষিক শিক্ষাসফরে নড়াইলের ইকোপার্কে যাচ্ছিল। সকাল ১০টার দিকে মহুয়া মোড় এলাকা অতিক্রম করার সময় বাস থেকে এক ছাত্র জানালা দিয়ে হাত বের করে স্থানীয় এক স্কুলছাত্রীর ওড়না ধরে টান দেয়—এমন অভিযোগ উঠলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা বাসটি ভাঙচুর করে। এ সময় ওই বাসে থাকা ১০ শিক্ষার্থী সামান্য আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানতে চাইলে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. ছালে প্রথম আলোকে বলেন, ওড়না ধরে টান দেওয়ার অভিযোগ ঠিক নয়। দুষ্টুমি করে কেউ হয়তো পানি ছুড়ে মারায় ওই ছাত্রীর গায়ে লেগে থাকতে পারে।
কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বাসটি আবার নড়াইলের উদ্দেশে রওনা হয়। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।