শিক্ষিকা অঞ্জলী হত্যায় মাদ্রাসার সাবেক কর্মকর্তা আটক

চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের ভাষ্য, আটক হওয়া ব্যক্তির নাম মো. রেজা (৪৫)। তিনি চট্টগ্রামের পটিয়ার একটি মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য আজ বিকেলে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
১০ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে নগরের চকবাজারের উর্দুগলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অঞ্জলী দেবী। এ ঘটনায় তাঁর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম কাউকে আটক করেছে পুলিশ। ছয় মাসেও খুনের কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
নিহত অঞ্জলী দেবীর পৈতৃক বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ধোপাভাঙা গ্রামে। তাঁর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী পেশায় চিকিৎসক।
আরও পড়ুন: