শিক্ষিকা খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় গত শুক্রবার রাতে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মা ক্যসিং মারমা (২৮) লামার রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তাঁর বাবার বাড়ি লামা সদরের নুনারবিলপাড়ায়। তাঁর স্বামী থোয়াই সানু মারমার বাড়ি বান্দরবানের তালুকদারপাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লামা উপজেলা শহরের স মিল এলাকার ভাড়া বাসায় থোয়াই সানু মারমা তাঁর স্ত্রী মা ক্যসিং মারমাকে বেদম মারধর শুরু করেন। এ সময় বাসায় কেউ ছিলেন না। মা ক্যসিং মারমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেননি।
লামা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন বলেন, থোয়াই সানু মারমা স্ত্রীকে হত্যার পর ঘর থেকে এলাকার লোকজনকে ডেকে বলেন তাঁর কাজ শেষ। এরপর তিনি স্থানীয় লোকজনকে থানায় খবর দিতে বলেন।
মা ক্যসিং মারমার জেঠাতো ভাই মংসিং প্রু মারমা বলেন, চার মাস আগে তাঁর বোনের বিয়ে হয়। থোয়াই সানু বেসরকারি সংস্থায় চাকরি করতেন। কিন্তু প্রকল্প শেষ হওয়ায় তিনি বেকার হয়ে পড়েন। পরে থোয়াই সানু চাকরির জন্য শ্বশুরের পরিবারের কাছে ১২ লাখ দাবি করেন। মা ক্যসিং গত মাসে ১ লাখ ১০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীর হাতে তুলে দেন। এ ছাড়া তিনি (মা ক্যসিং) মায়ের ও নিজের ১০ ভরি স্বর্ণালংকারও স্বামীকে দেন। তিনি বলেন, থোয়াই সানু প্রায়ই মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন।
গতকাল শনিবার লামা শিক্ষক সমিতি থোয়াই সানু মারমার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, থোয়াই সানু মারমা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।