শিক্ষিকাকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রাক থামিয়ে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের ঘটনার মামলায় প্রধান আসামি গিয়াস উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমপুর ইউনিয়নের আধকানী গ্রাম থেকে গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
স্কুল শিক্ষিকা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন রাতে ডবলছড়া খাসিয়াপুঞ্জি থেকে পানবোঝাই একটি ট্রাকে করে শিক্ষিকা শমশেরনগর চা-বাগানে ফিরছিলেন। রাত ১০টার দিকে পাগলাতল এলাকায় রাস্তায় গাছ ফেলে সাত-আটজনের একটি ডাকাত দল ট্রাকের গতি রোধ করে। এ সময় শিক্ষিকা ধর্ষণের শিকার হন। ঘটনার নয় দিন পরও পুলিশ মামলা না নেওয়ার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার চা-শ্রমিকের সন্তানেরা মানববন্ধন করেছে। এ সময় তারা মামলা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। ওই কর্মসূচির পর পুলিশ মামলা নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গণধর্ষণ ও ডাকাতি ঘটনা দুটিকে দ্রুত বিচার আইনে এক করে একটি মামলা রেকর্ড করে। কিন্তু আদালত দুটি ঘটনায় আলাদা আলাদা মামলা করার নির্দেশনা দিয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বদরুল ইসলাম প্রধান বলেন, ওই দিন ডাকাতি, লুটপাট ও গণধর্ষণ হয়েছে। থানা সব ঘটনাকে একটি মামলায় অন্তর্ভুক্ত করে। পরে আদালত দুটি পৃথক মামলা করার নির্দেশনা দেন। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক ছুটিতে থাকায় এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গিয়াসকে জিজ্ঞাসাবাদ করে বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, আসামি গ্রেপ্তার হওয়ার তাঁরা সন্তুষ্ট। এখন পুলিশ কোনো প্রভাবে পড়ে যাতে মামলার আলামত নষ্ট না করে সেদিকে নজর রাখতে হবে।