শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ, ব্যাংকার স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে চট্টগ্রামের একটি সরকারি কলেজের শিক্ষিকাকে তাঁর স্বামী নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেছেন।
শিক্ষিকার স্বামী মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বেসরকারি এবি ব্যাংকের কর্মকর্তা। চট্টগ্রামের হাটহাজারীর নজু মিয়া হাট শাখার প্রিন্সিপাল অফিসার তিনি।
বাদীর আইনজীবী এরশাদুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ২১ জুলাই ওই কলেজশিক্ষিকা চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত বছর জুলাই মাসে বিয়ের কিছুদিন পর থেকে স্বামী কামরুল হাসান যৌতুকের দাবিতে শিক্ষিকার ওপর নির্যাতন চালাতেন। মামলায় কামরুল হাসান ছাড়াও তাঁর বাবা রফিক আহমদ, মা কোহিনুর বেগম, ভাই মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে আসামি করা হয়েছে।
নির্যাতন এবং মামলার বিষয়ে স্বামী ও ব্যাংক কর্মকর্তা কামরুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
আইনজীবী এরশাদুর রহমান জানান, যৌতুকের মামলায় আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে নারী নির্যাতনের মামলাটি হাটহাজারী থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ গত মঙ্গলবার আসামিকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। গতকাল আসামি জামিনে মুক্তি পান।