শিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে ২ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে সাফি মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে এ রায় দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি আনন্দ স্কুলের শিক্ষিকাকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের সাফি মিয়া। আজ এই শিক্ষিকাকে স্কুলে একা পেয়ে যৌন হয়রানি করেন। এ সময় শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন এসে সাফিকে আটক করেন। বিষয়টি জানানো হয় নবীগঞ্জ থানা-পুলিশকে। পুলিশ গিয়ে সাফিকে নবীগঞ্জ থানায় নিয়ে আসে। পরে তাঁকে নেওয়া হয় নবীগঞ্জ উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) জিতেন্দ্র কুমার নাথের আদালতে। বিচারক উপস্থিত সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে সাফি মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর আইনি প্রক্রিয়া শেষ করে তাঁকে কারাগারে পাঠানো হয়।