শিক্ষিকাকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের একজন শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক আরজ মিয়াকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
আরজকে গ্রেপ্তার ও হিসাববিজ্ঞান বিভাগের একজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে একই বিভাগের একজন শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। একই দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে গঠিত ‘অভিযোগ কমিটি’র সুপারিশের পরিপ্রেক্ষিতে আরজ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। আরজ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে আয়োজিত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত নারীদের যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু নির্যাতনকারীর সঠিক বিচার হচ্ছে না। ফলে একের পর এক নির্যাতনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তাই ক্যাম্পাসে শিক্ষিকা ও ছাত্রীরা যেন নির্যাতিত না হন, সে জন্য অপরাধীদের অবিলম্বে কঠিন শাস্তি দিতে হবে। সমাবেশ শেষে হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষককের কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহাদ্রী চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
গত ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে লোকপ্রশাসন বিভাগের ওই শিক্ষিকার সঙ্গে আরজ মিয়ার সঙ্গে ধাক্কা লাগে। এতে শিক্ষিকা ও আরজের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষিকাকে লাঞ্ছিত করেন আরজ। এ ঘটনায় ওই ৬দিনই আরজকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া গত ২৩ এপ্রিল হিসাববিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এই বিভাগেরই এক ছাত্রী। এ ঘটনায় ২৬ এপ্রিল শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।