শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক
রংপুর নগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টাকালে এলাকাবাসী প্রধান শিক্ষককে আটক করেছেন। গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন।
মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, ‘শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষককে আটক করে মারধর করার সময় আমরা তাঁকে উদ্ধার করি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ওই প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্য এ অপচেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসী, শিক্ষার্থী ও মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানটির এক সহকারী শিক্ষিকাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গতকাল দুপুরে প্রধান শিক্ষক বিদ্যালয় ছুটি দিয়ে দেন। এরপর অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা চলে গেলেও প্রধান শিক্ষক কাজের কথা বলে ওই শিক্ষিকাকে থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পর প্রধান শিক্ষক তাঁর কক্ষে শিক্ষিকাকে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালান। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে আশপাশের বাসিন্দারা ছুটে এসে শিক্ষিকাকে উদ্ধার করেন এবং প্রধান শিক্ষককে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষিকাকে উদ্ধার ও প্রধান শিক্ষককে আটক করে।
এলাকার বাসিন্দা আজম মিয়া বলেন, ‘আমরা এই জঘন্য কাজের জন্য প্রধান শিক্ষকের শাস্তির দাবি করছি।’