শিক্ষিকাদের ভিডিও ধারণ, তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্কুলশিক্ষিকাদের ভিডিও ধারণ করায় এক কলেজছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান গণ-উপদ্রবের অভিযোগে দণ্ডবিধির ২৯১ ধারায় ওই তরুণকে এই সাজার আদেশ দেন। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ (অ্যাসেম্বলি) চলছিল। তখন ওই কলেজছাত্র ও তাঁর এক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে দুটি মুঠোফোনে শিক্ষিকাদের ভিডিও চিত্র ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ইখতার আলী ওই দুই তরুণের একজনকে হাতেনাতে ধরে ফেলেন। অপরজন পালিয়ে যান।

এরপর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর আলীকে জানালে তিনি ঘটনাটি ইউএনওকে জানান। খবর পেয়ে ইউএনও আজাদ জাহান ঘটনাস্থলে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই তরুণ আদালতের কাছে দোষ স্বীকার করেন এবং পলাতক বন্ধুর নাম-ঠিকানা আদালতকে জানান।

ইউএনও আজাদ জাহান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গণ-উপদ্রবের অভিযোগে দণ্ডবিধির ২৯১ ধারায় লিটন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আলমডাঙ্গা থানা-পুলিশের মাধ্যমে তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।