শিক্ষিকার পিটুনিতে ১৫ শিক্ষার্থী হাসপাতালে
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা। আহত শিক্ষার্থীদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে গেলে প্রধান শিক্ষিকা আক্তার জাহান রিনা তাদের বিদ্যালয় পরিষ্কারের নির্দেশ দেন। পরীক্ষার আগে বিদ্যালয় পরিষ্কারের কাজ করলে পোশাক নোংরা হয়ে যাবে—এমন দাবি করে শিক্ষার্থীরা এ কাজ করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করেন প্রধান শিক্ষিকা। শিক্ষার্থীদের চিত্কার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের প্রাথমিক চিকিত্সা দেন। পরে ১৫ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান শিক্ষিকা আক্তার জাহান রিনা দাবি করেন, ‘শিক্ষার্থীরা আদেশ না মানায় একটি করে বেত্রাঘাত করেছি।’
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা জুয়েল মোল্লা জানান, চিকিত্সাধীন শিক্ষার্থীদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত বাড়ৈ প্রথম আলোকে জানান, হাসপাতালে শিশুদের চিকিত্সার বিষয়টি তিনি তদারকি করছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।