শিক্ষিকার বেত্রাঘাতে সাত শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির সাত শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি গত বুধবার দুপুরের। গতকাল বৃহস্পতিবার শিক্ষিকার বিচারের দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা।
এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দুপুরে বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ইংরেজির ক্লাস নিচ্ছিলেন জান্নাতুল ফেরদৌসী। ক্লাসে শিক্ষার্থীদের পড়া জিজ্ঞেস করেন তিনি। পড়া না পারায় সাতজনকে বেত দিয়ে বেদম পিটুনি দেন তিনি। পরে সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে অভিভাবকেরা শিশুদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে গতকাল দুপুরে জান্নাতুল ফেরদৌসীর বিচারের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায়, ক্লাসে প্রতিদিনই বেত নিয়ে যান শিক্ষক-শিক্ষিকারা। পড়া না পারলেই বেত্রাঘাত করা হয়। অভিভাবক জাকির হোসেন বলেন, শিক্ষক-শিক্ষিকাদের শারীরিক নির্যাতনের কারণে ভয়ে শিশুরা বিদ্যালয়ে যেতে চাইছে না।
জানতে চাইলে জান্নাতুল ফেরদৌসী বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এমন ভুল হবে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বুধবারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে শ্রেণিকক্ষে সব শিক্ষক-শিক্ষিকার বেত নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
আড়াইহাজারের উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন বলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ঘটনার সত্যতা পেয়েছেন। ওই শিক্ষিকা অমানবিক কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।