শিক্ষিকার সঙ্গে অসদাচরণ চার ছাত্র বহিষ্কার
চার শিক্ষিকার সঙ্গে অসদাচরণের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার রাতে সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান মামুন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সবুজ ইসলাম, এগ্রিকালচার বিভাগের ছাত্র খাইরুল বাশার ও ফলিত গণিত বিভাগের ছাত্র শাহীন আলম।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষিকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরপাড়ে ঘুরতে যান। তখন ওই চার ছাত্র তাঁদের সঙ্গে অশালীন আচরণ ও তাঁদের উত্ত্যক্ত করেন। পরে ওই চার শিক্ষিকা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ওই ছাত্রদের বহিষ্কার করেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-এ মর্মে ওই ছাত্রদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে থানায় মামলা করার জন্য প্রক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে উপাচার্যের নির্দেশনামূলক চিঠি হাতে পেলে থানায় মামলা করা হবে।