শিখর-বীরেন অনুসারীদের পাল্টাপাল্টি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের অনুসারী নেতা-কর্মী-সমর্থকেরা মাগুরায় পাল্টাপাল্টি মিছিল ও পথসভা করেছেন। এ নিয়ে জেলায় উত্তাপ-উত্তেজনা দেখা দিয়েছে।
আর এ দুই পক্ষের দ্বন্দ্ব নিয়ে খবর প্রকাশের জের ধরে মহম্মদপুর উপজেলার পর শ্রীপুর উপজেলায় প্রথম আলো পত্রিকার কপি পুড়িয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রকাশিত সংবাদের ভুল স্বীকার করে খবর ছাপানোর দাবি জানান তাঁরা। না হলে শ্রীপুরে প্রথম আলো বর্জন ও বন্ধের হুমকি দেন।
সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মাগুরার দোয়ারপাড় কারিগরপাড়ায় মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ নিহত হন। পরে প্রথম আলোয় ‘মাগুরায় খুনোখুনির পেছনে শিখর-বীরেনের দ্বন্দ্ব’ শিরোনামে ওই খবর প্রকাশিত হয়েছিল।
প্রকাশিত খবরে শিখরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গত সোমবার বিকেলে বীরেনের বিরুদ্ধে মিছিল ও পথসভা করেন মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সে সময় প্রথম আলোর কয়েকটি কপিও পোড়ান তাঁরা। দেন বীরেনের বিরুদ্ধে স্লোগান। প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করে নেতা-কর্মীরা বীরেনের ‘অপরাজনীতি’ বন্ধ ও শিখরের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এদিকে মহম্মদপুর ছাত্রলীগের ওই কর্মসূচির পর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাল্টা কর্মসূচি পালন করেন বীরেনের সমর্থক আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। একই সময়ে শিখরের সমর্থকেরাও স্থানীয় হাসপাতালের সামনে জড়ো হন। দুই পক্ষ মিছিল বের করার পর মুখোমুখি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিখরের অনুসারীদের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে বীরেনের অনুসারীরা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করেন। বক্তারা বীরেনের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য শিখর গ্রুপ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। তাঁরা শিখরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
শিখরের বিরুদ্ধে প্রথম আলো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে দাবি করে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ গতকাল সকালে মিছিল ও পথসভা করেছে। বেলা ১১টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল বের করে চৌরাস্তায় পথসভা করেন। পরে তাঁরা প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন।