শিগগির বাড়ি যেতে পারে দিনাজপুরের শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটি এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ঘটনার প্রায় দুই মাস পরও সে ধকল কাটিয়ে উঠতে পারেনি। এখনো একা হাঁটতে পারে না। তবে তার বাড়ি যেতে ইচ্ছা করছে। চিকিৎসকেরাও সম্মতি দিয়েছেন, জটিলতা দেখা না দিলে আর চার-পাঁচ দিন পর ও বাড়ি যেতে পারবে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা এ মত দিয়েছেন।

গত ২১ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির প্রজনন অঙ্গে অস্ত্রোপচার হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ-উল হক বলেন, ‘শিশুটি এখন অনেক ভালো আছে। তবে একা হাঁটতে পারছে না। জয়েন্ট বা ভেতরে কোনো সমস্যা আছে কি না, তা জানার জন্য কিছু পরীক্ষা করতে বলা হয়েছে। আর চার-পাঁচ দিন যদি প্রস্রাবে কোনো জটিলতা দেখা না দেয়, তাহলে ও বাড়ি যেতে পারবে। ও বাড়ি যেতে চাইছে। আজ আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করল। অন্যদের সঙ্গেও ওর আচরণ স্বাভাবিক ছিল।’

১৮ অক্টোবর শিশুটি নিখোঁজ হয়। পরদিন শিশুটিকে তার বাড়ির কাছে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল। শিশুটির বাবা ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাইফুল ইসলাম ও আফজাল হোসেন কবিরাজকে আসামি করা হয়েছে। সাইফুলকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। আফজাল এখনো পলাতক।