শিগগিরই চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলকর্মী ইসরাফিল হোসেন হত্যা মামলায় শিগগিরই আবু তালেবদের চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। চলতি মাসের শেষে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে আসামি এই চার ভাইয়ের মধ্যে এখন পর্যন্ত কেবল আবু তালেব খান গ্রেপ্তার হয়েছেন। বাকিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও আতঙ্কে আছে নিহত ইসরাফিলের পরিবার। এ ছাড়া হত্যাকাণ্ডে রেলের কেউ জড়িত বলে পরিবার অভিযোগ করলেও তা খতিয়ে দেখা হয়নি বলেও জানিয়েছে পরিবার।
গত বছরের ৪ অক্টোবর দিবাগত রাতে কমলাপুর স্টেশনের সুরক্ষিত টিকিট কাউন্টারের ভেতরে শ্বাসরোধে হত্যা করা হয় প্রবীণ কর্মচারী ইসরাফিলকে। পরদিন সকালে কাউন্টার থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। রেল কর্তৃপক্ষ অভিযোগ করে, হত্যাকারীরা টিকিট বিক্রির প্রায় ১৭ লাখ টাকাও নিয়ে গেছে। এ ঘটনায় স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় হত্যা মামলা করেন। তখন সন্দেহভাজন হিসেবে মো. লিটন ওরফে কাটা লিটন নামের এক যুবককে আটক করা হয়।
শুরু থেকেই ইসরাফিলের পরিবারের অভিযোগ, হত্যার সঙ্গে রেলওয়ের কেউ জড়িত। তদন্তে ধীরগতির অভিযোগ ওঠায় একপর্যায়ে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি আবদুর রাজ্জাক ও ইলিয়াস খাঁ নামের দুজনকে গ্রেপ্তার করে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করা হয় আবু তালেবকে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত টাকার মধ্যে আড়াই লাখ টাকা তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়। তবে তাঁর তিন ভাইকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই তিন ভাইয়ের একজন আকবর। সিআইডির তথ্য অনুযায়ী, আকবরই ঘটনার মূল পরিকল্পনাকারী।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, টিকিট বিক্রির টাকা লুটের জন্য আবু তালেব, আকবর ও তাঁদের অপর দুই ভাই মিলে ইসরাফিলকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ডের কিছুদিন আগে টিকিট ঘরসহ স্টেশনে সংস্কারকাজ শুরু হয়। তখন রংমিস্ত্রি হিসেবে কাজ নেন আকবর। কাজ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ হয়। এর সুবাদে ইসরাফিলের সঙ্গে সখ্য গড়েন আকবর। পরে তিনি তিন ভাইকে নিয়ে হত্যাকাণ্ড ঘটান।
ইসরাফিলের পরিবার জানায়, সিআইডি তাঁদের বলেছে, আকবর ও তাঁর অপর দুই ভাই বিদেশে পালিয়ে গেছেন।
তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মেজবাহ উদ্দিন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। পলাতক ওই তিনজনের অবস্থান তাঁরা এখনো শনাক্ত করতে পারেননি। তিনি বলেন, মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। তদন্তে শুধু আবু তালেবদের চার ভাইয়ের সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ওই চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।
রেলের কেউ জড়িত—পরিবারের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেজবাহ উদ্দিন বলেন, ঘটনায় ওই চার ভাই ছাড়া আর কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ মামলায় গ্রেপ্তার হওয়া লিটন, রাজ্জাক ও ইলিয়াসের কাছ থেকে আবু তালেবদের বিষয়ে তথ্য পাওয়া গেলেও ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।