শিডিউল ক্রয়-জমায় বাধার অভিযোগ মেয়রের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় তিন কোটি টাকার প্রকল্পের দরপত্রের শিডিউল ক্রয় ও জমাদানে বাধা এবং দরপত্র খোলার সময় পছন্দের ঠিকাদারদের রেখে বাকিদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মেয়রের বিরুদ্ধে।
মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে গতকাল কয়েকজন ঠিকাদার প্রকল্পটির পরিচালকের কাছে অভিযোগ করেছেন। প্রকল্প পরিচালক আবুল হাসান বলেন, তিনি মেয়রকে সব দরপত্র তাঁর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঠিকাদারদের অভিযোগ ও পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৯টি প্রকল্পের আওতায় ওই দরপত্র আহ্বান করা হয়। গতকাল পৌরসভার উন্নয়নকাজের সাতটি প্রকল্পের দরপত্র দাখিলের দিন ধার্য ছিল। মেয়র তাঁর কার্যালয় থেকে দরপত্রের শিডিউল কিনতে বাধা দিলে তাঁরা ঢাকায় প্রকল্পের প্রধান কার্যালয় থেকে কেনেন। দরপত্র দাখিলেও বাধা দেওয়া হলে তাঁরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তা জমা দেন। গতকাল বেলা আড়াইটার দিকে দরপত্র খোলার সময় সাথী এন্টারপ্রাইজ, হায়দার কনস্ট্রাকশন, মেসার্স ওয়াহেদুলসহ কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকাদার মেয়রের কার্যালয়ে যান। সে সময় মেয়র দরপত্র না খুলে তাঁদের বের করে দেন। পরে তিনি উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিশেষ কক্ষে গিয়ে দরপত্র খোলেন এবং পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়ার জন্য নানা অপকৌশল অবলম্বন করেন।
সাথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম বলেন, ‘মেয়র নজরুল ইসলাম আমাদের দরপত্র বাতিল করার জন্য নানা অপকৌশল অবলম্বন করেন। দরপত্র খোলার সময় তাঁর কার্যালয় থেকে আমাদের বের করে দেওয়া হয়। তিনি সব দরপত্র বিশেষ কামরায় নিয়ে খোলার ব্যবস্থা করেন।’
মেয়র নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিয়ম মাফিকই দরপত্র খোলা হয়েছে। কাউকে বাধা দেওয়া হয়নি। আমাকে হেয় করার জন্য একটি মহল নানা অভিযোগ উত্থাপন করছে।’